ঝড় উঠেছে, ঝড় উঠেছে,
উড়ছে ধুলো চারদিকে,
গাছের মাথায় মত্ত নাচন,
ঘুরছে পাতার চামচিকে!
আকাশ জুড়ে মেঘ করেছে,
লালচে দেহে কালচে শাল,
কাক পাখি সব পালিয়ে গেছে,
শূন্য বাসা – টালমাতাল!
গড়্গড়িয়ে বাজ পড়ে যায়,
মারছে ঝিলিক বিদ্যুতে,
আঁধার ছিঁড়ে হঠাৎ আলোয়
নাচছে ছায়া বিদ্ঘুটে!
ঘরের ভেতর দমকা হাওয়ায়
মোমবাতিটাও চমকালো,
দেওয়াল ধরে নৃত্য জোড়ে
ভূতের খেলা, জমকালো!
ঝড় উঠেছে মনের কোনেও,
হৃদয় ব্যাপী স্পন্দনে,
নীল শাড়িতে হঠাৎ সেদিন
তোমায় দেখে নন্দনে!
আপন বাপন, চৌকি চাপন,
রক্ত কাঁপন, থর্-থরে,
গোঁত্তা মেরে সত্তা জুড়ে
চিন্তা তোমার ভর করে!
স্বপ্নে তোমার মগ্ন হয়ে
নোখ খুঁটে যাই প্রাণপনে,
লজ্জা লাগে, রূপ দেখি তাই
আড়চোখেতে – আনমনে!
ঝড় বয়ে যায় দাপিয়ে নাড়ি,
বাইশ ক্যারাট – খাদ বিহীন,
ঝড় বয়ে যায় ভিতর বাহির,
একনাগাড়ে, রাত্রি দিন।।
No comments:
Post a Comment