Tuesday, 15 March 2011

ইচ্ছে করছে, এই মুহূর্তে

ইচ্ছে করছে, এই মুহূর্তে,

শান্তি কুঞ্জে একলা ঘুরতে,

ক্লান্ত মনকে চাঙ্গা রাখতে

ইচ্ছে করছে মন্ত্র হাঁকতে।


ইচ্ছে করছে, এই মুহূর্তে,

অষ্টেপৃষ্ঠে রাংতা মুড়তে,

ভ্রান্ত মগজ শিষ্ট রাখতে

ইচ্ছে করছে নক্সা আঁকতে।


ইচ্ছে করছে, এই মুহূর্তে,

নখর শানিয়ে চক্ষু কুরতে,

আদ্যোপান্ত জ্যান্ত রাখতে

ইচ্ছে করছে ইষ্ট ডাকতে।


ইচ্ছে করছে, এই মুহূর্তে,

পদ্য গদ্য বাক্সে পুরতে,

শ্রান্ত কলম সতেজ রাখতে

ইচ্ছে করছে মণ্ডা মাখতে।


ইচ্ছে করছে, এই মুহূর্তে,

মাংসপিণ্ডে অণ্ড জুড়তে,

শান্ত সত্তা তুঙ্গে রাখতে

ইচ্ছে করছে লঙ্কা চাখতে।


ইচ্ছে করছে, এই মুহূর্তে,

ভণ্ড মুণ্ডে শাপটা ছুঁড়তে,

কান্ত দীপ্তি গুপ্ত রাখতে

ইচ্ছে করছে সুপ্ত থাকতে।।

No comments:

Post a Comment